কুষ্টিয়ার খোকসায় মোটরসাইকেল, ইঞ্জিনচালিত নসিমন ও করিমনের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাদিরপুর গ্রামের খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত দুই মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন (২০) ও আসলাম আলী (২৩) খোকসা উপজেলার সোমসপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, কাদিরপুর গ্রামের খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে মোটরসাইকেল, ইঞ্জিনচালিত নসিমন ও করিমনের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী সাব্বির ও আসলামসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর সাব্বির ও আসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: শ্রীপুরে শৌচাগার থেকে শিশুর মরদেহ উদ্ধার
ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, নিহত মোটরসাইকেল আরোহী তরুণদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনার বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো