ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রাবিরতিতে চট্টগ্রামগামী ট্রেন থেকে নামার পর ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোরে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত নাইম ইসলাম (২২) নওগাঁ জেলা সদরের মঙ্গলপুর পশ্চিমপাড়ার মো. আমজাদের ছেলে। এসময় আরও এক যুবক আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হাতেম আলী ভূঁইয়া জানান, চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ভোর সাড়ে তিনটার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। স্টেশনে যাত্রাবিরতি দিলে ট্রেনের পেছনের অংশ প্লাটফর্মের বাইরে ঝুপঝাপের দিকে থাকে। যাত্রাবিরতিতে পেছনের দুই বগি থেকে দুই তরুণ ট্রেন থেকে নামলে ছিনতাইকারীরা তাদের আক্রমণ করে।
আরও পড়ুন: পাংশায় মাঠ থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
তিনি আরও জানান, এসময় এক তরুণকে ছুরিকাঘাত করলে তখন তিনি তার সঙ্গে থাকা সবকিছু ছিনতাইকারীদের দিয়ে দেন। অপর যুবক নাইম ইসলাম সাথে থাকা সবকিছু দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/জো