তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়াসহ আলেম ওলামাদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াত।
এসময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তারসহ পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ শহরের হাটের মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলের একটি অংশ হাটের মোড় থেকে তুফান মোড়ের দিকে, অপর একটি সাতক্ষীরা সদর উপজেলার পরিষদের সামনে দিয়ে জামায়াত অফিসের দিকে বিক্ষোভ শুরু করলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।
আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ছয়
আটককৃতরা হলেন- সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিবুর রহমান, শিবিরকর্মী সাইদ হোসেন,আল আমিন হোসাইন, রাশেদ হোসেন, বাইজিদ হোসেন, সোলায়মান হোসেন, জাহিদ হাসান, সাগর হোসেন,সাইফুল হাসান, জামাতের রোকন মশিউর রহমান, শফিকুল আলম, জামাত ইসলামের সমর্থক ফজলুর রহমান, আব্দুল হামিদ সরদার ও মফিজুল ইসলাম।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
একাত্তর/এসজে