পটুয়াখালীতে নির্মাণাধীন একটি বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি থেকে পড়ে এক চীনা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে জেলার কলাপাড়া উপজেলার ধানখালীর আরপিসিএল ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন চুল্লির ৮৬ ফুট ওপর থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়।
নিহত চীনা শ্রমিকের নাম ঝাউ জু পেজ।
কলাপাড়া থানার এসআই হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওই শ্রমিকের সহকর্মীদের বরাত দিয়ে হুমায়ুন কবির জানান, চুল্লির ওপর থেকে পড়ে যাওয়ার পর দ্রুত কর্মরত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করেন। পরে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওই শ্রমিকের ঘাড়, চোয়াল, হাতসহ শরীরের বিভিন্ন অংশ আঘাত ও জখম হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার।
আরও পড়ুন: নোয়াখালীতে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই
নিহত চীনা শ্রমিকের মরদেহ সুরতহাল শেষে হাসপাতালে রাখা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসনের সিদ্ধান্ত পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কলাপাড়া থানার এসআই হুমায়ুন কবির।
একাত্তর/এসি