পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর নৃশংস হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ভুক্তভোগী সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা রুজু করার পাশাপাশি এই পরোয়ানা জারি করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মামলার অভিযোগ বিবরণীতে উল্লেখ করা হয়, গত ১৪ নভেম্বর দুপুরে উপজেলার কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক ফরাজী আবু তাহের। সে সময় স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের নিরাপত্তা সামগ্রী বা লাইফ জ্যাকেট না পরানোর দৃশ্য ভিডিও ধারণ করছিলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে আমিনুর রহমান বিল্লাহ নামের ওই ব্যক্তি প্রথমে ভিডিও ধারণে বাধা দেন এবং একপর্যায়ে সাংবাদিক আবু তাহেরের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারী এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে ওই সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং তাঁকে চলন্ত স্পিডবোট থেকে উত্তাল নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা চালান। হামলার দৃশ্য ধারণ করতে গেলে তাঁর মুঠোফোনটিও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। সে সময় স্পিডবোটে থাকা অন্যান্য যাত্রীদের দ্রুত হস্তক্ষেপ ও সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে তিনি স্থানীয় চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এই ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জানা গেছে, অভিযুক্ত বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে তিনি রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে বসবাস করছেন।
এদিকে ঘটনার দিনই হামলার শিকার সাংবাদিক রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। বিষয়টি জানার পর রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, "সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্বসহকারে দেখছি।
অন্যদিকে, পেশাগত দায়িত্ব পালনকালে একজন গণমাধ্যমকর্মীর ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙ্গাবালী প্রেস ক্লাব। স্থানীয় সাংবাদিক সমাজ অনতিবিলম্বে পরোয়ানাভুক্ত হামলাকারী আমিনুর রহমান বিল্লাহকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছে।
কৃষকদল নেতার বাড়িতে মিললো কষ্টিপাথরের শিবলিঙ্গ
পাখি শিকার রোধে বাগেরহাটে প্রচার ও অভিযান শুরু
বিরিয়ানিতে কাপড়ের রং, ৫০ হাজার টাকা জরিমানা
উচ্চ শব্দ নিয়ে বিরোধে ফয়সাল হত্যায় আলামিন গ্রেপ্তার
পঞ্চগড়ে হিমালয়ের হিমেল বাতাসে জেঁকে বসছে শীত