নওগাঁয় বিস্ফোরক মামলায় বিএনপির নয় নেতা কারাগারে

নওগাঁর বদলগাছী উপজেলায় বিস্ফোরক আইনে করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত ।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের ওই নয়জন উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেছিলেন। তবে আদালতে বিচারক মো. আবু শামীম আজাদ তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল, বদলগাছী উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী ও দম্পর সম্পাদক শাহিন হোসেন, উপজেলার কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক, বালুভরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন, মিঠাপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহভাপতি রুস্তম আলী এবং বদলগাছী উপজেলা কৃষক দলের সভাপতি দুলাল মোহরী।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর সন্ধ্যায় বদলগাছী উপজেলা সদরে আওয়ামী লীগের শোক র‌্যালিতে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিস্ফোরণ ঘটিয়েছে এমন অভিযোগে উপজেলা কৃষক লীগের সভাপতি ছানাউল হোসেন বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা করেন। ওই দিন রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। ঘটনার পর থেকে মামলার বাকী আসামিরা পলাতক ছিলেন।

আরও পড়ুন: দেড় লাখ মিটার কারেন্ট জালসহ দুই জেলে আটক

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানান, দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে ওই মামলার নয় আসামি হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  


একাত্তর/জো