সেতুর ঢালে বাসের চাকায় মাথা থেঁতলে বৃদ্ধা নিহত

পটুয়াখালীর মৌকরন সেতুর দক্ষিণপ্রান্তে বাসের চাকায় মাথা থেঁতলে নিহত হয়েছেন ৭০ বছরের বৃদ্ধা আয়েশা বেগম।

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম পটুয়াখালী সদর উপজেলার মৌকরন এলাকার মৃত আইজুদ্দিন খানের স্ত্রী। অভাবের কারণে তিনি ভিক্ষা করতেন।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়। এছাড়া ঘাতক বাসটিকে বদরপুর এলাকা থেকে জব্দ করা হয়। তবে, এর চালক ও হেলপার পালিয়েছেন।

পটুয়াখালী সদর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পরে আর্থিক অসচ্ছলতার কারণে আয়েশা বেগম গোপনে ভিক্ষা করতেন। প্রতিদিনের মতো ভিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মৌকরন ব্রিজের ঢালে আসেন তিনি।

ঘটনার সময় লেবুখালী যাওয়ার জন্য রাস্তা অতিক্রমকালে বরিশাল থেকে কুয়াকাটা গামী রুদ্র-তূর্য পরিবহনের যাত্রীবাহী বাসটি তাকে চাপা দেয়। এসময় বাসের চাকা তার মাথার ওপর দিয়ে গেলে থেঁতলে যায়।

আরও পড়ুন: শীতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ, বেশি আক্রান্ত শিশু

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘাতক বাসটিকে বদরপুর এলাকা থেকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ