বঙ্গোপসাগরে ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে সুন্দরবনের কচিখালীর পক্ষিদিয়া এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোস্ট গার্ড জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

নিখোঁজ জেলেরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের রহিম মুন্সির ছেলে ইউসুফ (২০) এবং আমিন হোসেনের ছেলে বায়েজিদ (২৫)।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে নিখোঁজ জেলে বায়েজিদের বাবা আমিন হোসেন মোবাইল ফোনে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে তার ছেলে ও অপর জেলে ইউসুফ সাগরে মাছ ধরতে যায়। পরে তারা পক্ষিদিয়া চরের কাছে সাগরে ট্রলার নোঙর করে ঘুমিয়ে পড়ে।

তিনি জানান, রাতের আঁধারে একটি বড় ফিশিংবোট নোঙর করে থাকা ট্রলারে আঘাত করে চলে যায়। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ওই জেলেরা ককশিট ধরে ভাসতে থাকে। এক পর্যায়ে সঙ্গে থাকা মোবাইল ফোনে বাড়িতে ট্রলার ডুবির ঘটনা এবং উদ্ধারের আকুতি জানায়। এরপরে আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। 

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের কচিখালী কন্টিনজেন্টের পেটি অফিসার মো. আসাদুজ্জামান বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে কচিখালী কন্টিনজেন্ট কোস্ট গার্ডের সদস্যরা শুক্রবার দুপুর থেকে সাগরে অভিযান শুরু করেছে।


একাত্তর/এসি