পটুয়াখালীতে ১৫ মণ জাটকাসহ আট জেলে আটক

পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া নদীতে ১৫ মণ জাটকা ইলিশ জব্দ করে আট জেলেকে আটক করেছে নৌপুলিশ। 

রোববার (৮ জানুয়ারি) চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচর এলাকায় ট্রলারযোগে জাটকা ইলিশ পরিবহনকালে তাদেরকে আটক করা হয়। 

জানা গেছে, আটক জেলেরা হলেন- মোহাম্মদ জাফর, জামাল উদ্দিন,  জামাল হাওলাদার, রাজু গাজী, মোহাম্মদ মহসিন, পারভেজ, মোহাম্মদ শামীম ও মোহাম্মদ বাসেদ। এদের সকলের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। 

কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের দুপুরে কালাইয়া বন্দরে আনা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সকলকে পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। 

আরও পড়ুন: চমেকে ডায়ালাইসিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোগীদের বিক্ষোভ

পরে জব্দ করা জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় বলে জানান তিনি। 


একাত্তর/এসজে