ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ১৩ প্রার্থীর মধ্যে আট জনের মনোনয়নপত্র বৈধ ও পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, হলফনামায় স্বাক্ষর, এক শতাংশ ভোটারের স্বাক্ষর, ব্যাংক স্টেটমেন্ট দাখিল না করাসহ বিভিন্ন ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
মনোনয়ন বৈধ ঘোষণা করা আট প্রার্থী হলেন- সদ্য বহিষ্কৃত বিএনপির সাবেক সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু আসিফ আহমেদ ও জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল।
যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা আশরাফ উদ্দিন মন্তু, স্বতন্ত্র প্রার্থী শাহ মফিজ, মোহন মিয়া ও আব্দুর রহিম।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম বলেন, যারা যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছেন তারা আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
আরও পড়ুন: ঘন কুয়াশা থাকবে আরও তিনদিন
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও এই আসনে পাঁচ বারের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। আসনটি শূন্য ঘোষণা করলে এক ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনে মনোনীত কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। তবে জাতীয় পার্টি থেকে আব্দুল হামিদ ভাসানীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সদ্য বিএনপি ও জাতীয় সংসদ থেকে পদত্যাগকারী উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া পদত্যাগ করা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও নির্বাচন করছেন।
এদিকে অসম্পূর্ণ ও নানা ত্রুটিযুক্ত হওয়ায় মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী মোহন মিয়া শনিবার সন্ধ্যায় শ^াসকষ্টজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
একাত্তর/এসি