ভোলায় তীব্র শীত, ঘন কুয়াশায় ১৪ ঘণ্টা ফেরি বন্ধ

গত কয়েকদিন ধরে ভোলায় ঘন কুয়াশা, কনকনে বাতাস আর তাপমাত্রা কমে শীত জেঁকে বসেছে। সোমবার (৯ জানুয়ারি) সকালে ভোলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২১ ডিগ্ৰি সেলসিয়াস। 

সোমবার সকাল থেকে আকাশে কুয়াশা ও মেঘ থাকায় সূর্যের দেখা মেলেনি। পাশাপাশি কনকনে হিমেল হাওয়া বইতে থাকায় তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনভর শীতে কাহিল হয়ে পড়ছেন খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছে তারা। 

এদিকে ঘনকুয়াশার কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে ১৪ ঘন্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (৮ জানুয়ারি) ভোলার ইলিশা ফেরিঘাট থেকে কনকচাঁপা, কৃষাণী, কুসুমকলি ও কাবেরী নামের চারটি ফেরি অর্ধশতাধিক যানবাহন নিয়ে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যার পর থেকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরিগুলো দিক নির্ণয়ে ব্যর্থ হয়। তাই দুর্ঘটনা এড়াতে রাত আটটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার পাশাপাশি ছেড়ে যাওয়া চারটি ফেরি ১৪ ঘণ্টার বেশি সময় ধরে মাঝনদীতে নোঙ্গর করে রাখা হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী যানবাহনের শ্রমিক ও চালকরা।

কনকচাঁপা ফেরির মাস্টার জামসের আলী ফকির জানিয়েছেন, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। 


একাত্তর/এসি