রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ইটভাটার ম্যানেজারের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সুনিল মণ্ডল (৫০) নামের ইটভাটার এক ম্যানেজার মোটরসাইকেল চাপায় নিহত হয়েছেন।

সোমবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দি নারুয়া সড়কের টিএমবি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুনিল মণ্ডল বালিয়াকান্দি সদর ইউনিয়নের ইরশালবাড়ী গ্রামের নরেন্দ্রনাথ মণ্ডলের ছেলে ও বালিয়াকান্দি টিএমবি ইটভাটার ম্যানেজার ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াকান্দি থেকে নারুয়াগামী মোটরসাইকেল চালক শালকী গ্রামের আমিরুল মণ্ডলের ছেলে হিরা মণ্ডল তাকে চাপা দেয়। এসময় ইটভাটার লোকজনসহ স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এসময় কর্তব্যরত চিকিৎসক ভাটার ম্যানেজার সুনিল মণ্ডলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বুয়েট ছাত্রের মৃত্যু: দুই মাস পর কারামুক্ত বুশরা

মোটরসাইকেল চালক হিরা মণ্ডল গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ