রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে অস্ত্র ঠেকিয়ে কর্তব্যরত অবস্থায় থাকাকালীন সময়ে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে জানা যায়, ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রটি ছিলো খেলনা পিস্তল।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঞ্চল্যকর এই ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এসময় খোয়া যাওয়া মোবাইল ফোন, খেলনা পিস্তল ও আংশিক টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের মো. রনি, কুমড়াকান্দি গ্রামের মো. ইমরান ও নছরউদ্দিন সরদার পাড়া গ্রামের রুবেল ফকির।
জানা যায়, গত রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে এ ঘটনা ঘটে। এসময় কর্তব্যরত অবস্থায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল কালাম আজাদ জরুরী বিভাগের পাশের একটি কক্ষে বসেছিলেন। দুর্বৃত্তরা ওই কক্ষে প্রবেশ করে মাথায় পিস্তল ও ধারালো ছুরি ঠেকিয়ে তার সাথে থাকা নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেয়।
আরও পড়ুন: রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ইটভাটার ম্যানেজারের মৃত্যু
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, চিকিৎসককে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে পুলিশ। মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
একাত্তর/আরএ