রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নের সহসভাপতি রূপান্তরিত লিঙ্গের শিশির

রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রূপান্তরিত লিঙ্গের শিশির বিন্দু। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের ১২তম জেলা সম্মেলনে শিশিরকে সংগঠনটির সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

জানা গেছে, জেলা উদীচী কার্যালয়ে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সাবেক সভাপতি ও উদীচী শিল্পগোষ্ঠী রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. সুনীল কুমার বিশ্বাস। 

উদ্বোধনের পরে র‌্যালীর মাধ্যমে উদ্বোধনী আলোচনা শেষে জেলা উদীচী কার্যালয়ে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কাওসার আহমেদ রিপন সভাপতি, সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক ও নাফিজ মোল্লা সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাতুল ইসলাম জনি, সহ-সভাপতি শিশির বিন্দু, সহকারী সাধারণ সম্পাদক হৃদয় খান, কোষাধ্যক্ষ সোহানুর রহমান, দপ্তর সম্পাদক লাবিব মাহমুদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক অর্নিকা দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রাফিদুল ইসলাম, সদস্য মনজয় সরকার। 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখা নবনির্বাচিত সভাপতি কাওসার আহমেদ রিপন জানান, শিশির বিন্দু ফরিদপুর রাজেন্দ্র কলেজের ইসলামের ইতিহাসের মাষ্টার্সে অধ্যায়রত। 

আরও পড়ুন: হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার, নারী আটক

এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শিশির তার নিজ যোগ্যতাতেই নেতৃত্বের পর্যায়ে উঠে এসেছেন।


একাত্তর/জো