ঝিনাইদহের কালীগঞ্জে নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) উপজেলার সুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে লাইচনচ্যুত ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার শাহজাহান শেখ জানান, রোববার রাত ৮টার দিকে গোয়ালন্দ থেকে নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে কালীগঞ্জের সুন্দরপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই খুলনার সাথে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল
তিনি আরও জানান, তবে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন খবর দেওয়া হয়েছে। হয়তো তাদের পৌঁছাতে ৪ ঘণ্টা সময় লাগতে পারে। তবে ঠিক কি কারণে এমন হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।