গাইবান্ধায় দুই বাইকে বাসের ধাক্কা, তিন জন নিহত

গাইবান্ধায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেল দুটিতে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে ট্রাক ও বাসের কেউ হতাহত হননি।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলার পলাশবাড়ী উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের পৌর শহরের চৌমাথা মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার (৪২),  মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভিস চন্দ্র (৩৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিলো। পথে পলাশবাড়ী চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারানো বাসটির সঙ্গে বিপরীত মুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে পলাশবাড়ী  স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘেষণা করেন।


আরও পড়ুন: গুলশানে গুলি: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক তিন

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান তিন জনের মৃত্যুর খবর জানিয়েছেন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানিয়েছেন, চালক, সহকারীরা পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।


একাত্তর/এসি