লোভ দেখিয়ে শিশুকে বলাৎকারের চেষ্টা, দুই কিশোর আটক

নওগাঁর রাণীনগরে বরই খাওয়ানোর লোভ দেখিয়ে ছয় বছর বয়সি এক ছেলে শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার মিরাট ইউনিয়নের তিন নম্বর সুইচগেট এলাকায় ভুট্টাখেতে নিয়ে গিয়ে ওই শিশুকে বলাৎকারের চেষ্টা চালায় অভিযুক্ত দুই কিশোর।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে দুই কিশোরের বিরুদ্ধে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে অভিযুক্ত ১২ ও ১৪ বছর বয়সী ওই দুই কিশোরকে আটক করে থানা পুলিশ। আটককৃত দুই কিশোর উপজেলার মিরাট ইউনিয়নের হামিদপুর তিন নম্বর সুইচগেট এলাকার বাসিন্দা।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সোমবার বিকেলে ওই শিশু বাড়ি থেকে বেরিয়ে সুইচগেট এলাকায় তার এক সহপাঠীর সাথে খেলাধুলা করছিলো। এ সময় বরই খাওয়ানোর লোভ দেখিয়ে খেলার সহপাঠীকে কৌশলে পুকুরের পাশে রেখে ছয় বছর বয়সী ওই শিশুটিকে ভুট্টাখেতে নিয়ে যায় একই গ্রামের দুই কিশোর।

সেখানে জোরপূর্বক শিশুটিকে ওই দুই কিশোর বলাৎকারের চেষ্টা চালায়।

এমতাবস্থায় শিশুটির চিৎকারে তার খেলার সহপাঠী গিয়ে ঘটনাটি দেখে ফেলে। এসময় ঘটনাটি কাউকে না বলতে ওই শিশু ও তার খেলার সহপাঠীকে হুমকি দিয়ে অভিযুক্ত দুই কিশোর সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর বাড়ি ফিরে ওই শিশু তার পরিবারকে বিষয়টি জানায়।

ওসি আরো বলেন, ঘটনা জানতে পেরে ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে মঙ্গলবার রাতে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ব্যাংকের ভেতরে মিললো দুই নিরাপত্তাকর্মীর মরদেহ

মামলার প্রেক্ষিতে অভিযুক্ত ওই দুই কিশোরকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। বুধবার সকালে তাদের দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ