স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের করিমগঞ্জে যৌতুক না দেয়ায় স্ত্রী প্রজ্ঞা মস্তুফাকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী দেলোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ এর বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, করিমগঞ্জের চানপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন ওরফে মাহতাবের সাথে ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আহসান মস্তুফার মেয়ে কলেজ ছাত্রী প্রজ্ঞা মস্তুফার বিয়ে ২০১৭ সালে পারিবারিকভাবে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই স্বামী দেলোয়ার হোসেন স্ত্রী প্রজ্ঞা মস্তুফাকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলেন।

যৌতুক না দেয়ায় ২০১৯ সালের ২১ মার্চ তারিখে স্বামী দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী প্রজ্ঞা মস্তুফাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের পিতা আহসান হাবিব বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: নওগাঁয় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

করিমগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ তদন্ত শেষে একই বছরের ২৯ জুলাই তারিখে দেলোয়ার হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত বিচার শেষে এ রায় প্রদান করেন।


একাত্তর/আরএ