শেরপুরে জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে সদরের বাজিতখিলা প্রতাবিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কৃষক আব্দুর রফিক (৫৮) ওই এলাকার মৃত শাহ ফকির মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আঙ্গুর মিয়ার পরিবারের সাথে আব্দুর রফিকের পরিবারের জমি সংক্রান্ত মামলা চলছিলো। গতকাল ওই মামলার জামিনে আসে আব্দুর রফিক। রাত এগারোটায় খাবার খেয়ে বাড়ির বাইরে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার সকালে বাড়ির পাশের এক বাগানে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: হাতিয়ায় ২২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল জানান, নিহতের শরীরে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো