কুমিল্লা থেকে দুই মাস আগে নিখোঁজ হওয়ায় এক কিশোরের খোঁজ পাওয়া গেছে মালয়েশিয়ায় নোঙর করা একটি জাহাজের কনটেইনারে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) মালয়েশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কন্টেইনার থেকে ওই কিশোরকে উদ্ধার করা হয়।
তার নাম রাতুল ইসলাম ফাহিম (১৪)। সে জেলার মনোহরগঞ্জ উপজেলার সাতপুকুরিয়া এলাকার ফারুক মিয়ার ছেলে। পরিবার জানিয়েছে, রাতুল মানসিক ভারসাম্যহীন। তবে নিখোঁজের ব্যাপারে থানায় ডায়েরি করা হয়নি।
শুক্রবার (২০ জানুয়ারি) বিভিন্ন সংবাদমাধ্যমে রাতুলের খোঁজের বিষয়টি প্রকাশ হয়। এতে বলা হয়, চট্টগ্রাম বন্দর থেকে ১২ জানুয়ারি ছেড়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’ জাহাজের একটি খালি কনটেইনারে আটকা পড়ে রাতুল। জাহাজটি মালয়েশিয়ার কেলাং বন্দরে যাওয়ার পর ১৬ জানুয়ারি কনটেইনারের ভেতর থেকে শব্দ শুনতে পান নাবিকেরা। এরপরই কেলাং বন্দরকে অবহিত করা হয়। পরদিন ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে এনে কনটেইনার খুলে তাকে উদ্ধার করা হয়।
রাতুলের বাবা ফারুক মিয়া, মা রোকেয়া বেগম বলেন, অনেক খোঁজ করে না পেয়ে আশা ছেড়ে দিয়েছিলাম। সরকারের কাছে আবেদন, ছেলেকে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হোক।
ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার বলেন, আমরা ছবি দেখে তাকে শনাক্ত করি। রাতুল বাকপ্রতিবন্ধী। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে আমরা রাতুলকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা করছি।
আরও পড়ুন: শনির দশা কাটালো, ছাড়পত্র পেলো ‘শনিবার বিকেল’
তিনি জানান, রাতুল ধীরে একটু একটু কথা বলতে পারে। তবে কীভাবে সে চট্টগ্রাম, এরপর কন্টেইনারে করে মালয়েশিয়ায় গেলো এ বিষয়ে কিছুই বলতে পারছেন না। সে বর্তমানে মালয়েশিয়ার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তিনি আরও জানান. জাহাজটি ১২ জানুয়ারি মালয়েশিয়ার উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে বলে জানতে পেরেছি।
একাত্তর/এসি