দিনাজপুরে জমির বিরোধে নিহত দুই

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার চুনিয়াপাড়া চার মাথা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত দু'জন হলেন, ২৪ বছর বয়সী মনোয়ার হোসেন মিম ও ২৫ বছর বয়সী রাকিব হোসেন। মনোয়ার খোদাতপুর চারমাথা এলাকার হায়দার আলীর ছেলে ও রাকিব একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, মনোয়ার ও রাকিবের পরিবারের সঙ্গে একই এলাকার ওমর আলীর পরিবারের মধ্যে ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। বুধবার সকালে ওই জমিতে দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মনোয়ার মারা যায়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।

তিনি আরও জানান, আহতদের মধ্যে রাকিবকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। 


একাত্তর/আরবিএস