রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, অগ্নিদগ্ধ ওই গৃহবধূকে মঙ্গলবার ওই হাসপাতালে ভর্তি করা হয়। 

জানা গেছে, অগ্নিদগ্ধ হয়ে নিহত সুফিয়া বেগম (৪০) ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দোলাটারী গ্রামের খয়রত আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, তীব্র শীতের মধ্যে সকালবেলা ঘরের ভেতর লাকড়ির চুলায় রান্না করছিলেন সুফিয়া। এসময় রান্নার ফাঁকে ফাঁকে হাতে তাপ নিচ্ছিলেন তিনি। কিছুক্ষণ পর পরনের কাপড়ে  আগুন লেগে গেলে অগ্নিদগ্ধ হন তিনি। আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

আরও পড়ুন: শেরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল জানান, থানায় অবগত করে ওই গৃহবধূর মরদেহ রংপুর থেকে নিয়ে এসে  বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফজলুর রহমান জানান, খবর পেয়ে শুনে একজন উপ-সহকারী পরিদর্শককে (এএসআই) ঘটনাস্থলে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

 

একাত্তর/জো