ঘন কুয়াশা কেটে যাওয়ায় টানা ১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেজ নেওয়াজ জানান, রোববার সন্ধ্যার পর থেকেই কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাত ১১টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এসময় মাঝপদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় ফেরি বনলতা, হাসনা হেনা ও রজনীগন্ধা নামের তিনটি। এ ছাড়া পাটুরিয়া প্রান্তে ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ বরকত ও মাধবী লতা ও দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কেরামত আলী, শাহ পরান ও চন্দ্র মল্লিকা নামের চারটি ফেরি নোঙর করে হয়।
দীর্ঘসময় থেকে ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে তিন শতাধিক যানবাহন। এদের মধ্যে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি, প্রাইভেটকার, মাইক্রোবাস মিলে শতাধিক যানবাহন ও আরও শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: চাঁপাইয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ
টানা ১১ ঘণ্টা পর সোমবার সকাল ১০টায় ঘন কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
একইভাবে আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার পর সকাল ১০টায় চালু করা হয়েছে।
একাত্তর/এসজে