কাপ্তাই হ্রদে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের আসামবস্তী এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন। শহরের আসামবস্তী ব্রাহ্মণটিলা, আসামবস্তী ব্রিজ সংলগ্ন কাপ্তাই হ্রদ দখল করে গড়ে উঠা অবৈধ বাজারের দোকানপাট উচ্ছেদ হয় এ অভিযানে। 

অভিযানে ব্রাহ্মণটিলা এলাকায় তিনটি কাঁচাঘর ও নির্মাণাধীন একটি ভবন ভেঙ্গে দেয়া হয়। পরে আসামবস্তী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চারটি দোকান ভাঙ্গার পর স্থানীয় ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নেয়ার অনুরোধে রাত ১০টা পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়া প্রশাসন। 

রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন জানান, বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আবারও উচ্ছেদ অভিযান শুরু হবে।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে ট্রাকচাপায় নারী নিহত, শিশুসহ আহত তিন

এদিকে, রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনায় বিলবোর্ড স্থাপন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এসব বিলবোর্ডে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের কাপ্তাই লেকে সকল প্রকার অবৈধ ভবন/স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। 


একাত্তর/জো