ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন বিকল হয়ে প্রায় সোয়া দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া ষ্টেশনের দক্ষিণে রেলগেইট এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের ব্রেকশু ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এরপর সন্ধ্যা ৬টার দিকে আটকে পড়া ইঞ্জিন সরিয়ে নিলে ৬টা ২৫ মিনিটে পাহাড়িকা ট্রেনটি আখাউড়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস বিকেল সোয়া চারটার দিকে আখাউড়া স্টেশন থেকে ছেড়ে আউটারে পৌঁছানোর পর ব্রেকশু ভেঙে গেলে ট্রেনটি বিকল হয়ে যায়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা এবং সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল ৫টার দিকে অতিরিক্ত একটি ইঞ্জিন দিয়ে ট্রেনের বগিকে ইঞ্জিন থেকে আলাদা করে স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরে সন্ধ্যা ৬টায় ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিনটি আখাউড়া লোকোসেডে ফিরিয়ে নেয়া হয়। এতে লাইন চলাচলের জন্য উপযুক্ত হয়।
আরও পড়ুন: চবি চারুকলার শিক্ষার্থীদের ক্যাম্পাস ও হল ত্যাগের নির্দেশ
এসময় আখাউড়া স্টেশনে চট্টলাসহ দুটি ট্রেন আটকা পড়ায় যাত্রীরা অনেকে ট্রেন থেকে নেমে সড়ক পথে গন্তব্যে রওয়ানা হন।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড ইনচার্জ মো. মনির উদ্দিন জানান, সাময়িক মেরামত করে ইঞ্জিনটি সরিয়ে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
একাত্তর/এসজে