দেশ এগিয়ে নিতে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে: সমবায়মন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, উন্নত বিশ্বের সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে দেশে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে। সবাইকে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নের লক্ষে যে কেউ দেশ-বিদেশ থেকে সম্পদ অর্জন করে দেশের উন্নয়ন করতে পারে। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় কাজ করতে হবে। নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় কাজ করতে গিয়ে মুখে বললাম কাজ করতে চাই কিন্তু কাজ করলাম না, তা হলে হবে না। এটার জন্য আপনাকে অবশ্যই সক্ষমতা অর্জন করতে হবে। সক্ষমতা কীভাবে অর্জনের প্রধান শর্ত স্বাস্থ্য এবং শিক্ষা। যার জন্য ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথমেই কমিউনিটি ক্লিনিক করেছে।

বঙ্গবন্ধুর কথা যদি বলি, তিনি ৭০০ ডলারের বাজেট দিয়ে আজকে আমাদের ছয় লাখ কোটি টাকার বাজেট হয়েছে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় নির্মাণে অভূতপূর্ব ভূমিকা পালন করেছিলেন। এভাবেই আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশে এসেছে। 


অনুষ্ঠানে লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, দেশজুড়ে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হয়েছে। গ্রামের স্কুলের ছাত্র-ছাত্রীরা এখন দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।

আরও পড়ুন: ২৮ জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ, সতর্ক স্বাস্থ্য বিভাগ

সাবেক প্রধান বিচারপতি মো. তোফাজ্জল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা (সদর) ৬- আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী,  কুমিল্লার জেলা প্রশাসক মো. শামিম আলম, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম বাবলু, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান মিয়া সরকারসহ জেলা আওয়ামী লী‌গ ও অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতারা। 


একাত্তর/এসি