কুমিল্লায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় আতশবাজি, মেহেদী, চকলেট, তেল, পাউডার, উডওয়ার্ড গ্রিফওয়াটারসহ পাঁচ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে জেলার আদর্শ সদর উপজেলার অশোকতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হরিপুর গ্রামের মো. সোহেল (২৮), চান্দিনা উপজেলার বরকড়ি গ্রামের মো. আরমান (২৭), আদর্শ সদর উপজেলার শাসনগাছা (মাষ্টারপাড়া) গ্রামের মো. রনি হোসেন (২৬), একই গ্রামের এমরান হোসেন (২৪) এবং খাগড়াছড়ি জেলার গুইমারা থানার জালিয়াপাড়া গ্রামের মোহাম্মদ হোসেন (২৮)।
র্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে এসময় পাঁচ লাখ ৩৭ হাজার১০০ পিস ভারতীয় আতশবাজি, ১৭ হাজার পিস ভারতীয় মেহেদী, ১৮ হাজার পিস ভারতীয় চকলেট, এক হাজার ২৮০ পিস ভারতীয় তেল, তিন হাজার ৫০০ পিস ভারতীয় পাউডার, ৭২০ পিস উডওয়ার্ড গ্রিফওয়াটার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তারা দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আতশবাজিসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালী মডেল থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
একাত্তর/এসজে