ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী বিশ্বরোড এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে চালকের দক্ষতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শহর থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ক্যাম্পাসের দিকে ফিরছিলো। পথে বেলতলী বিশ্বরোড এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে আগুন জ্বালানো একটি টায়ার ছুড়ে মারে। হঠাৎ এ ঘটনায় বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে বিশ্ববিদ্যালয়ের বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এ ঘটনার পর শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে আবাসিক হলগুলোর ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাৎ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা এবং দেশব্যাপী চলমান অস্থিরতায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আবাসিক হলগুলোর বাইরের ফটক রাত ১১টার পর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
