রাজশাহীতে চুরির অভিযোগে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিহতের পরিবার ও নির্মাণ শ্রমিকদের সংগঠনের পক্ষ থেকে অত্যাচারকারীদের ফাঁসি দাবি করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
মানববন্ধনে নিহত রাকিবুল ইসলামের পিতা গোলাম মোস্তফা, ভাই আব্দুল মমিন, স্ত্রী সুমি খাতুন, মেয়ে রাবেয়া বাশরী স্বজন হত্যার বিচার দাবি জানান।
এ সময় পরিবার ও সংগঠনের পক্ষ থেকে দুই নির্মাণ শ্রমিককে নির্মমভাবে অত্যাচার করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানানো হয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের নির্মাণ শ্রমিক রাকিবুল ইসলাম ও তার সহকারীকে পিটিয়ে হত্যার ঘটনায় মানববন্ধনে অংশ নেওয়া রাকিবের স্ত্রী সুমি খাতুন জ্ঞান হারান। অঝোরে কাঁদে তাদের দুটি শিশু সন্তান।
আরও পড়ুন: তিন বাঘ চান্দেশ্বর অফিস ছেড়ে গেলেও আতঙ্ক কাটেনি
ইনসাবের জেলা সভাপতি আবদুল কাইউমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইনসাবের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহ-সভাপতি মজিবুর রহমান ভিখু ও এবরান আলী, বণিক সমিতির পরিচালক রাইহানুল ইসলাম লুনা, ব্যবসায়ী হাম্মাদ আলী, জাসদ নেতা আব্দুল মজিদ, সংগঠনের সদস্য রাকিবুল আলম, নিহতের পিতা গোলাম মোস্তফা, ভাই আব্দুল মমিন, স্ত্রী সুমি খাতুন, মেয়ে রাবেয়া বাশরী, সংগঠনের বারঘরিয়া ইউনিটের সাধারণ সম্পাদক অসীম আলীসহ অন্যরা।
একাত্তর/এসি