বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়নের নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় র্যাবের সঙ্গে কুকিচিন ও জঙ্গি বাহিনীর সাথে গোলাগুলির ঘটনায় পাঁচ জঙ্গিকে আটক করেছে র্যাব। এতে র্যাবের আটজন সদস্য আহত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে থানচির তমাতুঙ্গিতে ঘটনাস্থল পরিদর্শন করে র্যাবের ডিজি এম খুরশীদ হোসেন সাংবাদিকদের ব্রিফিং কালে এসব তথ্য জানান।
তিনি জানান, সকালে থানচির রেমাক্রি এলাকায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। এসময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও কুকিচিনের সদস্যরা। এসময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। গোলাগুলি এখনও চলছে।
তিনি আরও জানান, র্যাবের অভিযানে এ পর্যন্ত ৪৩ জন জঙ্গি সংগঠনের সদস্য ও ১৪ জন কুকিচিন সংগঠনের সদস্যকে আটক করা হয়েছে। এসময় র্যাবের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিবচরে দ্রুতগামী বাসের চাপায় শিশুর মৃত্যু
জানা যায়, সম্প্রতি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হন ১৯ জেলার ৫৫ তরুণ। তাদের অনেকেই জঙ্গিবাদে জড়িয়ে নতুন করে কথিত হিজরতের নামে ঘর ছেড়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। এসব তরুণদের ভারি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় একটি পাহাড়ি সন্ত্রাসী দল, ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ)। বিষয়টি জানার পর গত ১৭ অক্টোবর থেকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল অভিযানে নামে র্যাব ও সেনাবাহিনী।
একাত্তর/জো