জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জয়রামপুর এলাকায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক মারা গেছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত পিকআপ চালক সৌরভ মিয়া ময়মনসিংহের কোতোয়ালি থানার কৃষ্টপুর এলাকার বাসিন্দা। তিনি শাম্মি ফুডস নামের একটি বেকারি কারখানার পিকআপ চালক ছিলেন।
পুলিশ জানায়, সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কে ঢাকামুখী রাজিব এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা খাদ্যবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক মারা যান।
আরও পড়ুন: শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। তবে ঘাতক বাসটি আটক করা হয়েছে।