নীলফামারীর সৈয়দপুরে মাদক বিরোধী অভিযানে গিয়ে স্বর্ণের ২০টি বার জব্দসহ দুই চোরাকারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত সৈয়দপুর উপজেলার কামারপুকুর মোড়ে তল্লাশি চৌকি বসানো হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নাবিল পরিবহনের বাসে দুই যাত্রীকে তল্লাশি করে এসব স্বর্ণ জব্দ করা হয়।
আটকরা হলেন, আব্দুর রহিম (২৫) ও মোহাম্মদ উল্লাহ (২৬)। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায়।
জব্দকৃত ২০টি স্বর্ণের বারের বাজার মূল্য আনুমানিক দুই কোট টাকা বলে দাবি করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্বর্ণগুলো ভারতে পাচার করতে নিয়ে যাওয়া হচ্ছিলো। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
শফিকুল ইসলাম জানান, গোপন খবরে ওই অবস্থান নেই। এসময় দুইজন পুরুষ যাত্রীর কোমরে থাকা কাপড়ের বেল্টে ২০টি স্বর্ণের বার জব্দ করে ওই দুই যাত্রীকে আটক করা হয়। ওই স্বর্ণের বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।
তিনি জানান, একই সময় দিনাজপুর গামী সাগরিকা এক্সপ্রেসে নামের অপর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে দুই জন নারী যাত্রীর কাছ থেকে পাঁচ কেজি গাঁজা জব্দ ও তাদের আটক করা হয়।
আরও পড়ুন: নওগাঁয় পুকুর থেকে আবারও প্রাচীন মূর্তি উদ্ধার
তারা হলেন- পঞ্চগড়ের মোছা. সুমি বেগম (৩২) এবং বাগের হাটের মোছা. হাবিবা বেগম (৩০)। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর সৈয়দপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
সৈয়দপুর থানার পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, স্বর্ণ, গাঁজাসহ চার জনকে আটক করে থানায় সোপর্দ করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মামলা দায়ের না হলেও দুই ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একাত্তর/এসি