টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে শীল-নোড়া দিয়ে পিটিয়ে হত্যা

বাগেরহাটে ছেলের হাতে বৃদ্ধ এক বাবা খুন হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলার শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর জিবনদুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম মো. মতিউর রহমান (৭৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা। আটক ব্যক্তির নাম আলাউদ্দিন (৩৮)। সম্পর্কে তিনি মতিউর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক ভারসাম্যহীন। সকালে বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে ক্ষুব্ধ হন আলাউদ্দিন। পরে শীল-নোড়া দিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে মাথা, পা ও হাত থেঁতলে দেন। এতে মতিউর ঘটনাস্থলেই মারা যান।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, প্রতিবেশীরা আলাউদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: হোটেল কক্ষ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার

এদিকে জানা গেছে, এর দুই বছর আগে আলাউদ্দিন উপজেলার আমড়াগাছিয়া গ্রামের অবসরপ্রাপ্ত মেজর মোস্তফার মা হোসনেয়ারা বেগমের পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়। এব্যাপারেও শরণখোলা থানায় একটি মামলা রয়েছে।


একাত্তর/এসি