লক্ষ্মীপুরে ফার্নিচার কারিগর রিয়াজ হোসেনকে অপহরণের দু’দিন পর তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার মান্দারী এলাকার একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নেয়া হয়েছে।
জানা যায়, নিহত রিয়াজ দত্তপাড়া ইউনিয়নের কড়ইতলা গ্রামের তোফায়েল আহমেদ দুলালের ছেলে ও মান্দারী বাজারের দ্বীন ইসলাম ফার্নিচার দোকানের নকশার কারিগর।
নিহতের বাবা তোফায়েল আহমেদ জানান, দুইদিন আগে তার ছেলেকে অপহরণ করা হয়। পরে তার মোবাইল থেকেই কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ওই টাকা না দেওয়ায় তারা তার ছেলে ফার্নিচার কারিগর রিয়াজ হোসেনকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দোকান থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন রিয়াজ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রিয়াজের মোবাইল ফোন থেকেই অপহরণকারীরা কল দিয়ে পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় নিহতের মা খুরশিদা বেগম চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে তদন্ত শুরু করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি থানা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহারের জন্য র্যাবের কাছে সহযোগিতা চাওয়া হয়। পরে মান্দারী বাজারের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান জানান, খবর পেয়ে তিনিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। নিহতের মায়ের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানান তিনি।
একাত্তর/জো