গাইবান্ধায় এক অটোচালককে গলাকেটে হত্যা করে তার বিদ্যুৎ চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ এলাকায় রেলব্রিজের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, নিহত অটোচালক রাজু মিয়া পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় (চান্দের বাজার) গ্রামের শফিউল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে রাজু মিয়া তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। তার মোবাইল ফোনে কল দেওয়া হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।
তার বিদ্যুৎ চালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে গলাকেটে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও পরিবার।
আরও পড়ুন: নওগাঁয় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা এসে তার পরিচয় নিশ্চিত করেন বলেও জানান তিনি।
একাত্তর/জো