সাগরে জেলেদের ওপর হামলায় চার দস্যু আটক

বরগুনার পাথরঘাটায় গভীর সমুদ্রে জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলায় একজনের মৃত্যু ও পাঁচ জন নিখোঁজের ঘটনায় চার জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। 

এসময় তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, আটটি দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, ট্রলার এবং জেলেদের কাছ থেকে লুটকরা বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বাঁশখালি উপজেলার গণ্ডামারাসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

তারা হলেন- মো. সেলিম, মো. কায়ছার, মো. জাহিদ ও ইকবাল হোসেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৭ এর চান্দগাও কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম এ তথ্য জানান।

কর্নেল মাহবুব জানান, গত ১৭ ফেব্রুয়ারি রাতে জলদস্যুরা বরগুনা উপকূলে একটি মাছ ধরার ট্রলারে জেলেদের কুপিয়ে ও মারধর করে বিভিন্ন সরঞ্জাম লুট করে। এই ঘটনায় আহত এক জেলে হাসপাতালে মারা যান এবং এখনও পাঁচ জন নিখোঁজ রয়েছেন। 

তিনি জানান, ডাকাতদের ধরতে অভিযানে নেমে গোপন খবরে চার জনকে আটক করা হয়। 

আরও পড়ুন: চাঁদপুরে সাতসকালে সড়কে ঝরলো তিন প্রাণ

জলদস্যুদের এই দলটি আগে কুতুবদিয়া, সন্দ্বীপসহ চট্টগ্রামের উপকূলে ডাকাতির সঙ্গে যুক্ত ছিল। তবে সম্প্রতি এই এলাকায় আইনশৃঙ্খল বাহিনীর তৎপরতা বেড়ে যাওয়ায় তারা বরিশাল, বরগুনা এলাকায় ডাকাতি শুরু করেছে। জলদস্যুদের এই দলে আরও ১৫-২০ জন সদস্য রয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে জানান এই র‌্যাব কর্মকর্তা।


একাত্তর/এসি