নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত পাঁচ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টিকরামপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮)। 

একই ঘটনায় আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামপুর গ্রামের হুমায়ুন কবির (৪৫) ও তার মেয়ে  ফাতেমা খাতুন (১৬), একই এলাকার সালমা খাতুন (১৭), টিকরামপুর মহল্লার নিহত মান্নানের মেয়ে মরিয়ম খাতুন (১৫) এবং  স্ত্রী মোসা সুলেখা খাতুন (৩৬)। 

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে আব্দুল মান্নান ও তার স্বজনরা একটি প্রাইভেটকারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে নাচোলে যাচ্ছিলেন। নাচোল উপজেলার লক্ষ্মীপুর এলাকায় চলন্ত একটি অটো রিকশা ভ্যানের চাকা খুলে গেলে, ওই ভ্যানটিকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারের যাত্রী মান্নান নিহত এবং বাকি পাঁচ জন আহত হন।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের এক বছর, অবিলম্বে সেনা প্রত্যাহারের আহ্বান

তিনি আরও জানান, পরে স্থানীয়দের সহায়তায় নাচোল ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে নাচোল থানা ওসি মিন্টু রহমান একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। 

তিনি আরও জানান, মাইক্রোবাস এবং ভ্যানটি ঘটনাস্থলেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে রয়েছে এবং তাদের হেফাজতে রয়েছে।


একাত্তর/আরবিএস