গজারিয়ায় সুপার স্টার গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি বাসস্ট্যান্ডের অদূরে সুপার স্টার গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে গজারিয়া ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা ও কোম্পানি জানায়, কোম্পানিটিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে আসন্ন গরমের মৌসুমকে কেন্দ্র করে মালামালের চাহিদা বেড়ে যাওয়ায় শনিবারও উৎপাদনের কাজ চলছিল। দুপুর দুইটার দিকে ফ্যান ও লাইট তৈরির দুই ইউনিটের মাঝখানে খালি জায়গায় বাঁশ ও ত্রিপল দিয়ে বানানো অস্থায়ী শেডে আগুন দেখতে পান শ্রমিকরা। মূল গোডাউনে মালামাল সংকুলান না হলে ওই অস্থায়ী শেডে মালামাল রাখা হতো বলে জানা গেছে। 

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে দই কারখানার শ্রমিক নিহত

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন তারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। 


একাত্তর/জো