কুমিল্লায় মুরগী ব্যবসায়ী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কুমিল্লার বরুড়ার হুরুয়া গ্রামে মুরগী ব্যবসায়ী সফিকুল ইসলাম হত্যা মামলায় আসামি মো. ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা অতিরিক্ত জেলা দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ পিপি এড নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বরুড়া উপজেলার হুরুয়া গ্রামের মো. ইকবাল (২৪)।

২০১১ সালের ২১ সেপ্টেম্বর নিহত সফিকুল ইসলামের ছেলে মো. জাকারিয়া বাদী হয়ে বাদী হয়ে বরুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এড নজরুল ইসলাম জানান, ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টা বরুড়া হুরুয়া গ্রামে মুরগী ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম মুরগীর ফার্ম হতে ফেরত না আসায় পরদিন বরুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

পরে ২১ সেপ্টেম্বর সাড়ে ১১টায় আইয়ুব আলী বাড়ির দক্ষিণ পাশে পুলের ওপর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

ওই মামলায় আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর চার্জ গঠন শেষে ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে যুক্তিতর্ক শুনানি শেষে আসামি ইকবালের বিরুদ্ধ আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন।

আরও পড়ুন: স্ত্রী চলে যাওয়ায় শিশুকে গাছের সঙ্গে উল্টো ঝুলিয়ে নির্যাতন

এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের এপিপি এডভোকেট নজরুল ইসলাম এবং আসামিপক্ষে এডভোকেট গাজী মো. আব্দুল আলীম।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার পর আসামী মো. ইকবালকে কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ