চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত ছয় জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অন্তত ২৫ জন। ধারনা করা হচ্ছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালসহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (৪ মার্চ) বিকেল পাঁচটার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে এ বিস্ফোরণ ঘটে।
প্ল্যান্টের আগুন নিয়ন্ত্রণের পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা নিহত ও আহতদের উদ্ধারে তৎপরতা শুরু করেন। পরে সেনাবাহিনী উদ্ধার কাজে যোগ দেয়।
এ ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।
ঘটনাস্থলে থাকা সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম জানিয়েছিলেন, এ পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে থাকায় এখন উদ্ধার কাজ চলছে।
পরে আরও এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ছয়।
বিস্ফোরণে ও আগুনে নিহত ছয় জনের মধ্যে এখন পর্যন্ত দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, শামসুল আলম (৫০) ও ফরিদ আহমদ (৩৬)। বাকিদের নাম, পরিচয় এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের খবর পেয়ে আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল সাড়ে পাঁচটার পর ওই অক্সিজেন প্ল্যান্টের আগুন নিয়ন্ত্রণে আসে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানিয়েছেন, নিহত দুই জনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। আহত অবস্থায় অন্তত ১০ জনকে আনা হয়েছে। আহত আরও কয়েজন হাসপাতালের পথে। তাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আছে বলেও জানা গেছে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণে কয়েক কিলোমিটার এলাকা কেঁপে ওঠে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে সুস্পষ্ট করে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
একাত্তর/এসি