চট্টগ্রামের পটিয়ায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তাদের আরও এক বন্ধু গুরুতর আহত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলো—পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের শেখ পাড়ার জাহেদুল আলমের ছেলে ওয়ালিদ আল তাসলিম এবং একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি। এদের মধ্যে তাসলিম পটিয়া সদরের রাহাত আলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং সামি উপজেলার চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ জানান, সকালে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে কোরবানির গরু দেখতে বের হয়েছিলো। দুপুরে তারা মোটরসাইকেল নিয়ে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, বাসের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। এই দুর্ঘটনার বিষয়ে পটিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
