ফরিদপুরের মধুখালীতে একটি নির্মাণাধীন ভবনে ওই ভবন মালিকের ছোট ভাইকে হত্যা, স্বর্ণালঙ্কার লুট ও অর্থ আত্মসাতের অভিযোগে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ছয় মাসের জেল, অনাদায়ে আরও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
রোববার (৫ মার্চ) বেলা ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (প্রথম) বিচারক অশোক কুমার দত্ত আসামির উপস্থিতিতে এই রায় দেন।
সাজা পাওয়া আসামির নাম মো. জসিম। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।
মামলা সূত্রে জানা যায়, জেলার মধুখালী উপজেলার মাঝিকান্দি দাসপাড়া গ্রামের সুমন কুমার সাহার বাড়িতে ভবন নির্মাণ কাজের দেখাশোনা করতো তার ছোট ভাই রাজু কুমার সাহা (২৫)। রাতে একা থাকতে সমস্যা হওয়ায় নির্মাণ শ্রমিক জসিম তার সঙ্গে থাকতো।
২০২১ সালের দুই জানুয়ারি রাতে রাজুকে (২৫) বাইরে ডেকে নিয়ে হত্যা করে জসিম। পরে লাশ বস্তায় ভরে নির্মাণাধীন ভবনের পেছনে শ্রমিকদের ব্যবহৃত টয়লেটের মধ্যে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন নিহতের মা অরুণা রাণী সাহা বাদি হয়ে মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করে।
আরও পড়ুন: ঝিনাইদহে কৃষক হত্যায় বাবা-ছেলেসহ তিন জনের যাবজ্জীবন
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (প্রথম) রাষ্ট্রে পক্ষের অতিরিক্ত কৌশলী (এপিপি) অ্যাড. নওয়াব আলী মৃধা বলেন, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষ এবং রাজু হত্যা মামলায় নিহতের কাছে থাকা স্বর্ণের ব্রেসলেট ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন। রায়ে ভিকটিমের পরিবার সন্তুষ্টি জানিয়েছেন।
একাত্তর/এসি