কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) ১২টি পদে বিজয়ী হয়েছে। এদিকে সহ-সাধারণ সম্পাদকসহ বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) ৩টি পদে বিজয়ী হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিল ১২শ’ ২১ জন। শুক্রবার (১০ মার্চ) সকালে ফলাফল জানা যায়।
এতে দেখা যায়- সভাপতি পদে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের আহছান উল্লাহ খন্দকার, সহ-সভাপতি পদে মো. মাহাবুবুর রহমান ও শাহআলম মজুমদার। সাধারণ সম্পাদক পদে আবু তাহেরসহ ১২জন।
সহ-সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী চৌধুরীসহ বিএনপি-জামায়াতের ৩জন নীল প্যানেলের বিজয়ী হয়েছেন।
জেলা পিপি এড জহিরুল ইসলাম জানান- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের ম্যানেজিং কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১৫টি পদের মধ্যে সভাপতি আহছান উল্লাহ খন্দকার ও সাধারণ সম্পাদক আবু তাহেরসহ ১২ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরীসহ ৩জন বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ জয়ী হয়েছেন।
ভোট গণনা শেষে ১০ মার্চ শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো. নূরুল ইসলাম ও লাইব্রেরি সেক্রেটারি এডভোকেট লোকমান আহাম্মদসহ প্রায় তিন শতাধিক আইনজীবী।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ১২শ’ ২১ জন। এরমধ্যে ১১শ’ ৪৯ জন ভোটার গোপন ব্যালটপেপারের মাধ্যমে ভোট প্রয়োগ করেন।
এদিকে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ‘আহছান-তাহের’ প্যানেল থেকে সভাপতি পদে জেলা বারের বর্তমান সভাপতি এডভোকেট মো. আহছান উল্লাহ খন্দকার পেয়েছেন ৫৮৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ‘তারেক-মিজান’ প্যানেলের এডভোকেট মো. তারেক আবদুল্লাহ পেয়েছেন ৫৪৪ ভোট, সহ-সভাপতি পদে এডভোকেট মো. মাহবুবুর রহমান পেয়েছেন ৬০৫ ভোট ও এডভোকেট মো. শাহ আলম মজুমদার পেয়েছেন ৫৯৭ ভোট এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মো. অহিদুর রহমান সরকার পেয়েছেন ৪৮৯ ভোট ও মো. এয়াকুব আলী খবির পেয়েছেন ৪৭০ ভোট, সাধারণ সম্পাদক পদে জেলা বারের বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের পেয়েছেন ৬২৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট খন্দকার মিজানুর রহমান পেয়েছেন ৪৭৫ ভোট, কোষাধ্যক্ষ পদে এডভোকেট নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন পেয়েছেন ৬১০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট কাজী মফিজুল ইসলাম পেয়েছেন ৫২৫ ভোট।
সেক্রেটারি লাইব্রেরি পদে এডভোকেট সঞ্জয় কুমার সরকার পেয়েছেন ৫৭৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোঃ মোশাররফ হোসেন পাখী পেয়েছেন ৫৫২ ভোট, সেক্রেটারি এনরোলমেন্ট পদে এডভোকেট সৈয়দ সাহিদুল আহসান টিপু পেয়েছেন ৬০৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারি পেয়েছেন ৫১৯ ভোট।
এ ছাড়া সদস্য পদে এডভোকেট রাশেদা বেগম ৬২২ ভোট পেয়ে প্রথম হয়েছেন, এডভোকেট মো. জলিল আহমেদ টিপু ৬১৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, এডভোকেট মো. শাহাদাত হোসেন সুমন ৫৮৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন, এডভোকেট সুলতানা সালেহা চৌধুরী লাভলী ৫৮০ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন এবং এডভোকেট খোরশেদ আলম ৫৬৬ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।
অপরদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত ‘তারেক-মিজান’ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. ইয়াকুব আলী চৌধুরী পেয়েছেন ৬৪৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মো. জাকির হোসেন পেয়েছেন ৪৮৪ ভোট, সেক্রেটারি আইটি পদে এডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া ৬০৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মো. মহসিন ভূঁইয়া পেয়েছেন ৫১০ ভোট, সেক্রেটারি রিক্রিয়েশন পদে এডভোকেট মো. কাজী আবদুল কাইয়ুম মিন্টু পেয়েছেন ৬৫৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট আছিয়া মাহজাবিন খান নিশু পেয়েছেন ৪৬৩ ভোট। এছাড়াও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মোহাম্মদ ইসলাম ইবনে সাইখ পেয়েছেন ৩৬ ভোট।
১৮৮৬ সালে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি আর কেউ দ্বিতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়নি।
আরও পড়ুন: ই-মুভি প্ল্যানের ফাঁদে ফেলে ৪০০ কোটি টাকা লোপাট!
এদিকে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ‘আহছান-তাহের’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কুমিল্লা জেলা পিপি এডভোকেট মো. জহিরুল ইসলাম সেলিম ও সদস্য সচিব লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. ইউনুছ ভূঁঞা বলেন- জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট আহছান উল্লাহ খন্দকার ও বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের গেলো বছর তাদের দেওয়া নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সক্ষম হওয়ায় এবং জেলা আইনজীবী সমিতির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কুমিল্লা বারের আইনজীবীরা গোপন ব্যালটপেপারের মাধ্যমে পুনরায় আহছান-তাহেরকে বিজয়ী করেছেন।
একাত্তর/আরএ