নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রকল্প দেওয়ার নামে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্নজনকে ফোন করে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
এ ঘটনায় দুপুরেই রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ইউএনও। একইসাথে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।
উপজেলার গোনা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক জানান, সোমবার দুপুর ১২টার দিকে রাণীনগর ইউএনও স্যারের অফিসিয়াল মোবাইল নম্বর থেকে আমার মোবাইলে ফোন আসে। ফোন রিসিভ করলে আমাকে জানানো হয়- নওগাঁতে প্রকল্পের টেন্ডার হচ্ছে। সেখানে ১০ হাজার ৭৮০ টাকা দিতে হবে। তাহলে আমি নাকি ওই প্রকল্পের টেন্ডারটি পাবো। এ সময় মোবাইল ফোনে কথা বলা ওই ব্যক্তির কণ্ঠ এবং কথাবার্তায় আমার সন্দেহ হলে বিষয়টি ইউএনও স্যারকে জানাই।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যানের কাছে আমার অফিসিয়াল ফোন নম্বর থেকে ফোন করে প্রকল্প দেওয়ার নামে টাকা দাবি করা হচ্ছে- এমন তথ্য গোনা ও বড়গাছা ইউপি চেয়ারম্যান আমাকে জানায়।
আরও পড়ুন: ব্যবসায়ী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন, সাতজনের কারাদণ্ড
এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমি রাণীনগর থানায় জিডি করেছি এবং সবাইকে সতর্ক থাকতে ইউএনও রাণীনগর নওগাঁ অফিসিয়াল ফেসবুকে পোষ্ট করেছি।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, ইউএনও’র মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্নজনের কাছ থেকে একটি চক্র টাকা দাবি করছে বলে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জিডি মূলে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/আরএ