ভোলায় যাত্রীবাহী বাস চাপায় কলেজের দুই ছাত্রীসহ ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের অতোরউদ্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে অটোরিকশার চালক আব্দুল কাদের (৪০) গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন, দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কয়সর মাতাব্বরের মেয়ে রিমা (১৭), একই এলাকার জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) এবং মো. কালাম (৫৫)।
নিহত রিমা ও শিখা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দ্বাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে তিন যাত্রী বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাংলাবাজারের দক্ষিণ পাশে অতোরদ্দি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিন যাত্রী নিহত হন। এ সময় অটোচালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নিহত শিখা ও রিমার পরিবার জানায়, শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কলেজে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এরা দুই জন অটোরিকশাযোগে কলেজে যাচ্ছিলেন। এসময় বাংলা বাজারের দক্ষিণ পাশে অতোরদ্দি এলাকায় তাদের অটোরিকশাটিকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে চলে যায়। এতে দুইজনসহ অটোতে থাকা আরো এক যাত্রী নিহত হয়।
আরও পড়ুন: মায়ের কোল থেকে শিশু চুরি
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাকির হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
একাত্তর/আরএ