রাণীনগরে চুরির ঘটনায় দুই স্বর্ণ ব্যবসায়ীসহ আটক তিন

নওগাঁর রাণীনগরে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় দুই স্বর্ণ ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে আটক তিনজনের বিরুদ্ধে মামলা করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলার সদর বাজারে ইলেকট্রনিক্স ব্যবসায়ী বিপ্লবের বাড়ি থেকে ২২ ভরি স্বর্ণের গহনা, তিন ভরি রূপা ও নগদ টাকা চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় রাণীনগর থানা পুলিশ রাতভর নওগাঁ সদর ও বগুড়ার আদমদীঘি থানা এলাকায় অভিযান চালিয়ে দুই স্বর্ণ ব্যবসায়ী ও এক চোরকে আটক করেছে। এসময় চুরির এক ভরি ছয় আনা স্বর্ণ উদ্ধার এবং চুরি যাওয়া নগদ টাকাসহ স্বর্ণ বিক্রির ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন নওগাঁ সদরের আরজি নওগাঁ মধ্যপাড়া (লাটাপাড়া) গ্রামের সাগর ওরফে কালু (৩০), সান্তাহারে বসবাসকারী স্বর্ণ ব্যবসায়ী আতাউর রহমান ওরফে মিলন (৪২) ও দক্ষিণ কালিতলার (হাট নওগাঁ) স্বর্ণ ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ওরফে মাইকেল (৫১)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কালাম আজাদ জানান, সদর বাজারের অডিটোরিয়ামের পূর্বপাশে বিপ্লব নামে এক ব্যবসায়ীর বাড়িতে বৃহস্পতিবার চুরি ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা প্রাচীর টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে শোকেসের ড্রয়ারের তালা ভেঙ্গে ড্রয়ারে থাকা মোট ২২ ভরি ১২ আনা ২ রতি স্বর্ণের গহনা, তিন ভরি ওজনের রুপার চুলের কাটা এবং নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। 

বাড়ির সদস্যরা দুপুরের দিকে বাড়িতে এসে দরজার তালা ভাঙ্গা এবং ঘরের সব আসবাবপত্র এলোমেলো দেখতে পান। তারা বাড়ির শোকেসের ড্রয়ারে রাখা স্বর্ণালংকার, রূপা ও নগদ টাকা দেখতে না পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানান।

আরও পড়ুন: রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় ট্রাকচালকের মৃত্যু

ওসি জানান, ওই চুরির ঘটনায় চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চোরদের আটক করতে বিভিন্ন এলাকায় অভিযানে নামে থানা পুলিশ। অভিযানে চোর সাগর ওরফে কালুকে আটক করাসহ চুরির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যমতে সান্তাহারের স্বর্ণ ব্যবসায়ী আতাউর রহমান ওরফে মিলনকে আটক করে চুরির স্বর্ণ বিক্রির ৮০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। 

এরপর নওগাঁ শহরের স্বর্ণ ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ওরফে মাইকেলকে আটক করা হয়। এসময় তার দোকান থেকে চুরির এক ভরি ছয় আনা স্বর্ণ উদ্ধার করে পুলিশ। আর চুরি যাওয়া সব স্বর্ণ ও রূপার অলঙ্কার উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


একাত্তর/এসজে