হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিএনজি ও ট্রাক্টরের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বানিয়াচং উপজেলার ভাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ছিলাপাঞ্জা গ্রামের সহোদর আবদুল মঈন (৬০) ও তাজ উদ্দিন (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ভাইসহ অন্যান্যরা উপজেলার উজিরপুর গ্রামে তাদের আত্মীয়ের দাফন সম্পন্ন করে রাতে একটি সিএনজি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভাটিপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আবদুল মঈন ও তাজ উদ্দিন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনায় আহত অটোরিকশা চালক মোহাম্মদ আলীকে (৫৫) গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া মহল্লার বাসিন্দা।
আরও পড়ুন: পিরোজপুরে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/আরএ