খাগড়াছড়িতে দিনেদুপুরে সরকারি তিনটি আরসিসি ব্রিজ ও কালভার্টের রড খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসব ব্রিজের দুইটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এবং অপরটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের।
এই ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করার ১৮ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, অতিসম্প্রতি খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ির সীমান্তবর্তী লোগাং ও চেঙ্গী ইউনিয়নে অবস্থিত তিনটি সরকারি ব্রিজ ও কালভার্ট ভেঙ্গে সেগুলোর রড খুলে চুরি করে নিয়ে যায় একটি প্রভাবশালী চক্র। তারা ৪-৫ দিন ধরে দিনের আলোতেই এই অপকর্ম চালিয়ে গেলেও সরকারি কর্তৃপক্ষ খেয়ালই করেনি।
জানা গেছে, সীমান্তবর্তী ছনখোলা, দূর্গামনিপাড়া, হারুবিল ও কচুছড়িসহ আশপাশ এলাকায় যাতায়াতের সুবিধার্থে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের আওতায় ২০১৭-১৮ অর্থ বছরে ষাট লক্ষাধিক টাকায় দুইটি সেতু ও উন্নয়ন বোর্ডের অধীনে আরও একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল। মূলত সীমান্ত সড়ক নির্মাণ করায় এসব ব্রিজ ও কালভার্ট পরিত্যক্ত হয়।
গ্রামবাসীর অভিযোগ, এই সুযোগে অপরাধী চক্র ব্রিজের রড চুরি করে নিয়েছে। একদল শ্রমিক কালভার্টগুলো ভেঙে গাড়িতে করে রড পানছড়ির দিকে নিয়ে যায় বলে জানান কয়েকজন প্রত্যক্ষদর্শী।
জড়িতরা প্রভাবশালী হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, যারা ব্রিজ ভেঙ্গে রড নিয়েছে তারা সবাই পানছড়ির ঠিকাদার উত্তম কুমার দেবের নিয়োজিত শ্রমিক। চুরি যাওয়া রডের বর্তমান বাজার দরে কয়েক লাখ টাকার হতে পারে ধারণা তাদের।
এদিকে, একই উপজেলার কংচাইরীপাড়ায়ও একটি ব্রিজের রড ও ইট তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সেখানেও অভিযোগের তীর ঠিকাদার উত্তম কুমারের দিকে।
ঘটনা জানাজানি হবার পর টনক নড়েছে প্রশাসনের। বিষয়টি নিয়ে গত ৯ মার্চ থানায় একটি সাধারণ ডায়েরীও করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: চুরির ছুতোয় কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগ
তিনি জানান, বিষয়টি নজরে আসা মাত্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন তারা।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক জানিয়েছেন, এ ব্যাপারে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার উত্তম কুমার দেবের সাথে যোগাযোগ করা হলে বিষয়টির সাথে তিনি জড়িত নন বলে মুঠোফোনে দাবি করেন।
একাত্তর/এসজে