পিরোজপুরে চুরির অভিযোগ গণপিটুনিতে এ ব্যক্তি নিহত হয়েছেন। গৃহস্থ ও স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি ভোরে চুরি করতে গিয়ে ধরা পড়েন। পরে আশপাশের লোক এসে তাকে পিটুনি দেয়। এদিকে পুলিশ রেকর্ডও বলছে তার নামে একাধিক চুরির মামলা রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম কবির মৃধা (৩৯)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, কবির মৃধা মধ্য বাদুরা গ্রামের পনির মৃধার বাড়িতে চুরি করতে ঘরে ঢোকেন। এসময় ঘরের লোকজন সজাগ হলে তাকে ধরে ফেলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি বাড়ির দুই জনকে কামড়ে আহত করেন। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে কবিরকে গণপিটুনি দিলে গুরুতর আহত হন।
স্থানীয় দফাদার ও ইউপি সদস্য কবিরকে আহত অবস্থায় উদ্ধার করে মল্লিকবাড়ি বাসস্ট্যান্ডে এক গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যান। এসময় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, আহত পনির ও তার স্ত্রী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: নীলফামারীতে পানির ট্যাংক চাপা পড়ে শিশুর মৃত্যু
এ ব্যাপারে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে চুরিতে ব্যবহৃত শাবল, ছুড়িসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। নিহত কবিরের বিরুদ্ধে পিরোজপুর, বাগেরহাট ও ইন্দুরকানী থানায় একাধিক সিঁদেল চুরির মামলা রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/এসজে