শিশু নির্যাতন ও পুলিশ সদস্যকে লাঞ্ছনা

নীলফামারীতে সস্ত্রীক কারাগারে সাবেক বিজিবি সদস্য

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শিশু নির্যাতন ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিজিবির এক সাবেক সদস্য ও তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

বুধবার সকালে তাদের গ্রেপ্তার করে বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। 

স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ উপজেলা শহরের মেডিক্যাল মোড়ে বসবাস করেন বিজিবির সাবেক সদস্য ফরহাদ হোসেন। মঙ্গলবার দুপুরে তার একটি কাঁঠাল গাছের পাতা ছিঁড়ে ছাগলকে খাওয়াচ্ছিল জয়ন্ত দাস (১০) নামের এক শিশু। জয়ন্ত দাস কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা পীরপাড়া গ্রামের কমল চন্দ্র দাসের ছেলে।

কাঁঠাল পাতা ছিঁড়তে দেখে ফরহাদ হোসেন ক্ষিপ্ত হয়ে শিশুটিকে আটক করে নিজ ব্যবসা প্রতিষ্ঠান হাসি ট্রেডার্সে এনে মারপিট করতে থাকেন। খবর পেয়ে শিশুটির দাদা কৈলাশ চন্দ্র দাস (৬০) ঘটনাস্থলে এসে নাতির জন্য ক্ষমা চেয়ে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন। এতে ফরহাদ হোসেন আরও ক্ষিপ্ত হয়ে কৈলাশ চন্দ্র দাসকে লাথি মেরে মাটিতে ফেলে দেন। এসময় স্থানীয়দের বাধার মুখে কৈলাশ চন্দ্র দাস রেহাই পেলেও শিশু জয়ন্ত দাসকে ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে নিয়ে হাত-পা বেঁধে পেটাতে থাকেন ফরহাদ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, এসময় শিশুটিকে মারপিটের ভিডিও মোবাইলে করেন সেখানে উপস্থিত গোয়েন্দা পুলিশের এক সদস্য। এসময় ওই পুলিশ সদস্যের হাত থেকে ফোন কেড়ে নেন এবং তাকেও লাঞ্ছিত করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ফরহাদ হোসেন। গোয়েন্দা পুলিশের ওই সদস্য কিশোরগঞ্জ থানায় খবর দিলে কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে আসলে দুই পুলিশ সদস্যকে লাঞ্ছিত করে পালিয়ে গিয়ে বাড়িতে আশ্রয় নেন ফরহাদ।  

এ ঘটনায় বিকালে পুলিশ ওই বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে ফরহাদ হোসেনকে আটক করে থানায় নেয়। সন্ধ্যায় শিশু নির্যাতনের ঘটনায় জয়ন্ত দাসের মা সুমিত্রা রানী বাদি হয়ে ফরহাদ হোসেন ও তার স্ত্রী হাসিনা আক্তারকে আসামি করে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

অপরদিকে, পুলিশের ওপর হামলার ঘটনায় কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাদি হয়ে ফরহাদ হোসেন ও তার স্ত্রী হাসিনা আক্তারকে আসামি করে পৃথক আরেকটি মামলা দায়ের করেন।

ওই দুই মামলায় বুধবার সকালে হাসিনা আক্তার ও ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে বিকালে বিচারিক হাকিম সহদেব চন্দ্র রায়ের আদালতে হাজির করে পুলিশ। 

আরও পড়ুন: গরুর বৈধতা প্রমাণে নিতে হচ্ছে প্রত্যয়নপত্র!

কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কুমার রায় জানান, মঙ্গলবারের ওই ঘটনায় বিজিবির সাবেক সদস্য ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় পৃথক দুইটি মামলা দায়ের হয়। ওই মামলায় বুধবার সকালে তাদের গ্রেপ্তার করে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/জো